Sunday May 19, 2013
HEADLINE
নির্মল সামাজিক যোগাযোগ নিশ্চিত করবে সালামওয়ার্ল্ড
01 June 2012, Friday, 10:31:35 pm
নির্মল তথ্য আদান-প্রদান এবং বিনোদনের জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সালামওয়ার্ল্ড আসন্ন রমজান মাসে যাত্রা শুরু করবে। সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক যোগাযোগের এ সাইটের লক্ষ্য মুসলিম ও অন্য ধর্মে বিশ্বাসী তরুণ প্রজন্ম। গতকাল রাজধানী ঢাকার উপকণ্ঠে আশুলিয়ায় কেয়ারি ক্রুইজ অ্যান্ড ডাইনে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সালামওয়ার্ল্ডের সেক্রেটারি জেনারেল নাদিম কায়া। এ সময় উপস্থিত ছিলেন সালামওয়ার্ল্ডের পাবলিক রিলেশন ডাইরেক্টর সেলিম কুর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, সাবেক সচিব ড. মিয়া মোহাম্মদ আইয়ূব, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সিনিয়র সহকারী সম্পাদক মাসুদ মজুমদার ও দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলম প্রমুখ।
নাদিম বলেন, তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক এ সাইটের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে ৫০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছা, যারা অশালীন ও বিকৃত রুচির ওয়েবসাইট থেকে নিজেদের মুক্ত রাখতে চান, একই সাথে বিশ্বের চলমান ঘটনাবলি জানতে চান।
তিনি জানান, এ ওয়েবসাইটটি হবে সার্বজনীন। সব ধর্ম ও জাতির মানুষকে একত্র করতে এ সাইট খোলা হচ্ছে। এখানে কোনো রকমের পর্নোগ্রাফির স্থান হবে না, চাইলেও কেউ পর্নোগ্রাফি ঢোকাতে পারবে না, এটি আগে থেকে ইন্সটল করা সফটওয়্যারের মাধ্যমে বাতিল হয়ে যাবে।
পরিবারের সবাই ব্যবহার করতে পারেন, এ রকম একটি সাইট হিসেবে এটিকে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন জানিয়ে নাদিম বলেন, মুসলিম উম্মাহর সামনে আমরা এটাকে উপস্থাপন করছি এ জন্য যে, এর মধ্য দিয়ে তারা সামাজিক যোগাযোগের চাহিদা যে রকম মেটাতে পারবেন, একই সাথে ইসলাম, মুসলিম উম্মাহ এবং বিশ্বের চলমান ঘটনাবলি সম্পর্কে জানতে পারবেন। এখানে ইসলাম সম্পর্কে যে তথ্যভাণ্ডার থাকবে, তা থেকে ইসলাম ধর্মের নন এমন মানুষও এ সম্পর্কিত তথ্য পাবেন।